জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এক টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, এমনটি হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে, এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের জাতীয় পতাকাও নামিয়ে ফেলতে হবে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি ভোটের জন্য উপস্থাপনের সময় বিরোধী দলের সদস্যরা এ ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।
সাতক্ষীরা-৪, রংপুর-১, চট্টগ্রাম-১৬ এবং চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা এ বিষয়ে বক্তব্য দেন এবং ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘ছাঁটাই প্রস্তাব অনুযায়ী আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এক টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেয়া আমাদের সব সেবা। জাতিসঙ্ঘের সদস্য হিসেবে বার্ষিক প্রদেয় অর্থ আমরা দিতে পারব না, যার ফলে জাতিসঙ্ঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূ-রাজনৈতিকভাবে জটিল বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে। আজকের এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকাশক্তি এবং লক্ষ্য হচ্ছে— সবার আগে বাংলাদেশ, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফর।’
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র : ইউএনবি



