লটারির মাধ্যমে গণপূর্ত অধিদফতরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়।
একই দিনে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকেও (ই/এম) বদলি করা হয়েছে।
লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে নয়জন ও রংপুর বিভাগে ১৭ জন সহকারী প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়াও উপবিভাগীয় প্রকৌশলী পদে লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে নয়জন, ময়মনসিংহ বিভাগে সাতজন ও রংপুর বিভাগে ১৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আয়োজিত লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সারোয়ার আলম, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো: ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়েছে।
সূত্র : ইউএনবি



