সরকারি সুবিধা পেতে এখন কাউকে ঘুষ দিতে হয় না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলট প্রকল্প এবং চীনের সহযোগিতায় দু’টি ৩,০০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল
নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল |নয়া দিগন্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই আমরা।

মন্ত্রী আরো বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি বলেন, চায়নার সহযোগিতায় আমরা তিন হাজার বেডের দু’টি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড আবদুল হান্নান সহ প্রমুখ।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রধান করা হয়।