প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে ফারুক ওয়াসিফকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার। তার নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা গত ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরসহ মোট ১৫টি দফতরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফারুক ওয়াসিফ বর্তমানে পিআইবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাসস



