স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান আইনমন্ত্রীর

‘আগামী স্থানীয় সরকার নির্বাচন আপনাদের জন্য টেস্ট ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। এখানেও যদি দলের প্রার্থীর বিপক্ষে বিরোধিতা করেন তবে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। দলের সাথে আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো জয়ী হতে পারেনি এটা আপনাদের মাথায় রাখতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান |ফাইল ছবি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বক্তব্য রাখেন।

আইনমন্ত্রী বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন আপনাদের জন্য টেস্ট ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। এখানেও যদি দলের প্রার্থীর বিপক্ষে বিরোধিতা করেন তবে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। দলের সাথে আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো জয়ী হতে পারেনি এটা আপনাদের মাথায় রাখতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অনেকের এমপি হওয়ার যোগ্যতা রয়েছে। মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও রয়েছে। কিন্তু প্রত্যেকটি পদে একজন প্রার্থী হতে পারবেন। যাকে মনোনয়ন দিলে দলের পক্ষে রায় আনতে পারবে তাকেই মনোনয়ন দেয়া হবে। বাসস