সমাজকল্যাণমন্ত্রী

আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতায় চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন জরুরি

‘দেশেই হেপাটাইটিস বি-এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশমুখিতা কমবে, চিকিৎসা ব্যয় হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন |ফাইল ছবি

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তিনি বলেন, দেশেই হেপাটাইটিস বি-এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশমুখিতা কমবে, চিকিৎসা ব্যয় হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও অধিকাংশই এ সম্পর্কে সচেতন নন। অতিরিক্ত শর্করা গ্রহণের কারণে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমেরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে সম্পৃক্ত করার উদ্যোগ চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদেশী ও আঞ্চলিক বিশেষজ্ঞদের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন আন্তর্জাতিক মান অর্জনে সহায়ক হবে। পাশাপাশি একই ধরনের উদ্যোগ দেশের অন্যান্য মেডিক্যাল কলেজেও গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সব গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানালে মন্ত্রী এ দাবিকে সময়োপযোগী বলে অভিহিত করেন। এ উদ্যোগ বাস্তবায়নে তার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমেরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা: এ কে আজাদ খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদসহ বিশিষ্ট চিকিৎসকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা: মো: সামসুল আরফিন। বাসস