রাজধানীর উত্তরা উত্তরখানে একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টার দিকে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।
দগ্ধরা হলেন গৃহকর্তা আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং মেয়ে আখি।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।



