মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ছয়জন আটক

‘মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর-সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর।’

নয়া দিগন্ত অনলাইন
কোস্ট গার্ড
কোস্ট গার্ড |সংগৃহীত

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর-সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর।

অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৭ লাখ চার হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, তিন হাজার ৭০০ কেজি ছোলা, ছয় হাজার ৮৫০ কেজি বুটের ডাল ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। বাসস