আইনমন্ত্রী

জনগণের করের টাকা জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার

জনগণের অর্থের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক
কথা বলছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান
কথা বলছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান |নয়া দিগন্ত

জনগণের করের অর্থ যেন শতভাগ তাদের কল্যাণেই ব্যয় হয়, বর্তমান সরকার তা নিশ্চিত করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।

তিনি বলেন, অতীতে উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ অর্থ দুর্নীতি ও অনিয়মের কারণে কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকত। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রতিটি টাকার জবাবদিহি নিশ্চিত করছে এবং সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিচ্ছে।

রোববার (১৯ জুলাই) মাগুরা জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। এতে মোট ১৮২ জন উপকারভোগীর মাঝে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা সদর আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন খান এবং জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ।

আইনমন্ত্রী তার বক্তব্যে সরকারের দুর্নীতিবিরোধী ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘অতীতে উন্নয়ন প্রকল্পের নামে জনগণের যে অর্থ আত্মসাৎ করা হয়েছিল, তার সুনির্দিষ্ট তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লুণ্ঠিত অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনার আইনি উদ্যোগ অব্যাহত রয়েছে।’

জনগণের অর্থের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও যোগ্য পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নারীদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে। একইসাথে কৃষকদের দোরগোড়ায় কৃষি কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রণোদনা ও সরকারি সহায়তা কর্মসূচি পৌঁছে দেয়া হচ্ছে।

রাষ্ট্রের সামগ্রিক সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা ও হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধ এবং একটি সম্পূর্ণ ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য।

সদর উপজেলা পরিষদের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী।