প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরো চার সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন সদস্যদের শপথপাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন চার মুখ হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় আরো রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তার জায়গায় এখনো নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াতে পারেন বলেও জানা গেছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে বলেন, আজ নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ নেয়ার সম্ভাবনা রয়েছে। তবে কতজন বা কারা শপথ নেবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
মন্ত্রিসভার নতুন চার সদস্য হিসেবে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে দু’জন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য ডাকা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশের মন্ত্রিসভায় বর্তমানের প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী আছেন ২৪ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।
এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদার পাঁচজন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো পাঁচজন উপদেষ্টা রয়েছেন।



