শান্তিরক্ষীদের ত্যাগ অনেকেই উপলব্ধি করেন না : শামা ওবায়েদ

শামা ওবায়েদ বলেন, আমি ব্যক্তিগতভাবে শান্তিরক্ষীদের স্যালুট জানাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদের স্যালুট জানাই।

নিজস্ব প্রতিবেদক
ডিজাব আয়োজিত ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় শামা ওবায়েদ
ডিজাব আয়োজিত ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় শামা ওবায়েদ |নয়া দিগন্ত

জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা সদস্যদের ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না। বাংলাদেশকে ভালোবেসে ও দেশের সম্মান রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।

সোমবার (৮ জুলাই) দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভাটি আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)। ডিজাব সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিষয়ক এবং সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর (অব.) এম তাজিম উদ্দিন ভূঁইয়া

ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর মোহাম্মদ মুতাসির রহমান (এলপিআর)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা যে ভূমিকা রাখেন, আমি আফ্রিকার দেশগুলোতে গিয়ে বিভিন্ন কনফারেন্সে দেখেছি আমার কাছে মনে হয়েছে, আমরা বাংলাদেশীরা সেটা যথেষ্ট উপলব্ধি করি না। তারা যে অর্জন করে আনেন, সেটা জীবনের চেয়েও বড় নয়। তারা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন।

বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া সদস্যদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি তাদের পরিবারের প্রতিও আজ স্মরণ করতে চাই। প্রত্যেকটি পরিবার তাদের বাবা, স্বামী, ভাইকে পাঠিয়ে দিচ্ছেন, তারা ফেরত আসবেন কি না- সেটা তারা জানেন না। কিন্তু সেই দেশপ্রেম থেকে, বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে তারা এই কাজটি করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে তাদের স্যালুট জানাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদের স্যালুট জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিষয়টি নিয়ে সচেষ্ট রয়েছে।

ভবিষ্যতেও শান্তিরক্ষীদের সাথে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের কাছে এলে আমরা সেটি গুরুত্বের সাথে নেব এবং আপনাদের সহযোগিতা করব।