বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৪৬/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘পোয়াবন’ নামক এলাকায় বিজিবির টহলদলটি অবস্থান নেয়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা দুটি ব্যাগ ফেলে পাশের পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে টহলদল পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ১০টি কাটে মোড়ানো অবস্থায় সর্বমোট ১,০০,৮৪১ পিস বার্মিজ ইয়াবা জব্দ করে। তবে ধাওয়া করেও পাহাড়ি জঙ্গল ও দুর্গম ভূখণ্ডের কারণে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফয়জুল কবির বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হচ্ছে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।



