ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও বেদখল হওয়া প্রতিরোধে অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) এক তথ্য বিবরণীতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
বিবরণীতে বলা হয়, ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৭ ধারা মোতাবেক সমগ্র বাংলাদেশের ওয়াকফ সম্পত্তিসমূহ (মসজিদ, মাদরাসা, ঈদগাহ, কবরস্থান, ইমামবাড়া, খানকা ও মাজার শরীফ ইত্যাদি) বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক।
দেশে বহু ওয়াকফ এস্টেট এখনো অ-তালিকাভুক্ত রয়েছে। ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও বেদখল হওয়া প্রতিরোধে অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তিসমূহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
তালিকাভুক্তির আবেদন ফরম, কাগজপত্রের তালিকা ও নিয়মাবলী বিনামূল্যে বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়েবসাইট (www.waqf.gov.bd) সকল ওয়াকফ পরিদর্শকের কার্যালয় এবং সকল জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া যাবে।
সূত্র : বাসস



