প্রধানমন্ত্রীর বিদেশ সফরসূচি একান্তই তার সিদ্ধান্ত : শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর কোনো সফরসূচি চূড়ান্ত হলে, তার দফতরের প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হবে। তার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম |ইউএনবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়া হয়নি। তাই প্রথম সফর কোন দেশে হবে, তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, প্রধানমন্ত্রী চলতি মাসের শেষ দিকে চীন সফরের আগে ২১-২২ জুন মালয়েশিয়া সফর করতে পারেন।

এ বিষেয়ে শামা ওবায়েদ বলেন, বহু দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে প্রধানমন্ত্রী কবে, কখন ও কিভাবে কোন দেশ দিয়ে সফর শুরু করবেন, সেটি সম্পূর্ণ তার সিদ্ধান্ত।’

তিনি বলেন, পত্রপত্রিকা আপন মনের মাধুরী মিশিয়ে নিউজ করে। তবে এ ব্যাপারে যতক্ষণ না প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিশিয়াল কোনো বিবৃতি প্রকাশিত হয়, সংবাদ প্রকাশের জন্য সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করা উচিত।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কোনো সফরসূচি চূড়ান্ত হলে, তার দফতরের প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হবে। তার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শামা ওবায়েদ বলেন, সব দেশেই উনি (প্রধানমন্ত্রী) যাবেন। সবার সাথেই আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে হবে। সে ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।