ক্ষমতার প্রতি জিয়াউর রহমানের কোনো মোহ ছিল না : ভূমি প্রতিমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ শেষে তিনি নিজ পেশায় ফেরত গিয়েছিলেন। তিনি শুধু দেশের জন্যই লড়েছিলেন। ক্ষমতার প্রতি তার কোনো লোভ বা মোহ ছিল না।

নয়া দিগন্ত অনলাইন
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন |ফাইল ছবি

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ শেষে তিনি নিজ পেশায় ফেরত গিয়েছিলেন। তিনি শুধু দেশের জন্যই লড়েছিলেন। ক্ষমতার প্রতি তার কোনো লোভ বা মোহ ছিল না। 

শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একাত্তর পরবর্তী রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল যারা তাদের একটি পক্ষ যুদ্ধের সময় ভারতে আনন্দ ফুর্তি করেছিল। প্রকৃতপক্ষে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেননি। বরং স্বাধীনতা পরবর্তী প্রকৃত মুক্তিযোদ্ধারা শোষণ ও বঞ্চনার শিকার হয়েছিলেন। একাত্তর পরবর্তী লুটপাটের শাসনব্যবস্থা দমন করে উন্নয়নের শাসনব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন শহীদ জিয়া। 

তিনি বলেন, ১/১১ সময়ের কুচক্রী মহলের ষড়যন্ত্রে আওয়ামী ফ্যাসিবাদী সরকার উন্নয়নের নামে দেশে লুটপাটের শাসনব্যবস্থা কায়েম করেছিল। রাষ্ট্রের সকল উন্নয়ন কাঠামো ভেঙে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে ফ্যাসিস্ট সরকার।

মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। ক্ষমতা রাষ্ট্রের নয়, জনগণের। জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। 

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, মোহাম্মদ আনাছ, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য আব্বাস উদ্দিনসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতারা। 

সূত্র : বাসস