শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের পচা সবজি থেকে তৈরি পচনযোগ্য পলিথিন ও কলাগাছের তন্তু দিয়ে তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য পরিদর্শন করেন। তিনি এসব উদ্ভাবনের প্রশংসা করে গবেষণা ও উন্নয়ন কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পণ্য দেখছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পণ্য দেখছেন |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য পরিদর্শন করেছেন।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিনসহ সাজ্জাদুলের উদ্ভাবিত বিভিন্ন পণ্য দেখেন ও মুগ্ধ হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

পণ্য পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন। একইসাথে তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন।

সূত্র : বাসস