ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীনের পথে ৪ সদস্যের প্রতিনিধিদল

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা এমপি। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো: মনির হোসেন প্রতিনিধিদলের সাথে সফর করছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল |ফাইল ছবি

চীনের ইউনান প্রদেশের উদ্দেশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ চায়না ইস্টার্ন এয়ারলাইনস যোগে বেলা ২টার ফ্লাইটে চীনের ইউনানের কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা এমপি। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো: মনির হোসেন প্রতিনিধিদলের সাথে সফর করছেন।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার সপ্তম চায়না-সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্য প্যাভিলিয়ন অংশগ্রহণ করবে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমেলা উদ্বোধন করবেন।

এছাড়া দুই দিনব্যাপী কুনমিংয়ে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সাথে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন।

সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন্যাশনাল টিভির সাথে দু’টি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেবেন ডেপুটি স্পিকার।

আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফেরার কথা রয়েছে। বাসস