রাজধানীর বংশালে বহুতল ভবনে আগুন

ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ পাওয়ার মাত্র চার মিনিটের মাথায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

নিজস্ব প্রতিবেদক
আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস |নয়া দিগন্ত

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার মুকিম বাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ রোববার সন্ধ্যায় মুকিম বাজারের বংশাল চৌরাস্তা সংলগ্ন একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মুকিম বাজারের ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার মাত্র চার মিনিটের মাথায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরে একে একে মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ছয়তলা ভবনটির দ্বিতীয় তলায় হেলমেটের বড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কী পরিমাণ, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।