কামরাঙ্গীরচরে ২ শ্রমিকের মারামারি থামাতে গিয়ে আরেক শ্রমিক নিহত

মারামারি বন্ধ করে কাজ করতে বলায় দুই শ্রমিক ক্ষিপ্ত হয়ে সাকিবকে মেরে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মারামারির ঘটনায় বাধা দিতে গিয়ে মোহাম্মদ সাকিব (৩৫) নামের আরেক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে থানার রব মাহাদিনগর টাওয়ারের ১৮ নম্বর রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।

নিহত সাকিব নোয়াখালীর মাইজদি সদর ভাটির টেক এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে। তিনি মাহাদিনগরের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

নিহতের সহকর্মী মোহাম্মদ মুনসুর জানান, সাকিব পেশায় নির্মাণ শ্রমিক। সকালের দিকে কামরাঙ্গীরচর মাহাদিনগর রব টাওয়ার ১৮ নম্বর রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ১০তলা ভবনের তৃতীয় তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিক মারামারি করছিলেন। এ সময় সাকিব তাদেরকে মারামারি না করে কাজ করতে বলেন। এই কথায় ক্ষিপ্ত হয়ে দু’জন মিলে সাকিবকে মারধর করে। এতে সাকিব গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।