হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো ইনু-মেননকে

‘২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ের নাজিমউদ্দীন রোডে বাদী মো: মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।’

নয়া দিগন্ত অনলাইন
হাসানুল হক ইনু (বাঁয়ে) ও রাশেদ খান মেনন
হাসানুল হক ইনু (বাঁয়ে) ও রাশেদ খান মেনন |সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর বংশালে মো: মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ের নাজিমউদ্দীন রোডে বাদী মো: মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান ও ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। বাসস