হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
সাম্প্রতিক সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে
সাম্প্রতিক সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে |সংগৃহীত

দেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮টি শিশু।

রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৩৩টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৩১টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৭। এই সময়ে ১ হাজার ২৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৪টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫০৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি