হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৬

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে
হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে |প্রতীকী ছবি

দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৬ শিশু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৩৬ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরো ১০০ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৬ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৭৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এ সময়ে ১ হাজার ১৬২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯৫৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২০১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ রোগী ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি