ডাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী হেলথ ফেস্ট

প্রথম দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা নিলেন ঢাবির ৩ হাজার শিক্ষার্থী

হেলথ ফেস্টে ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফ দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ দেয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ডাকসু ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’। প্রথম দিনে প্রায় ৩ হাজার শিক্ষার্থী বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা নিয়েছেন। এ ছাড়া দুই হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে। এতে বিভিন্ন চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শিক্ষার্থীদের চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।

হেলথ ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও আফসানা আক্তার।

Health-Fest----1

আফসানা আক্তার বলেন, হেলথ ফেস্টে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা একই স্থানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সাবিকুন্নাহার তামান্না বলেন, হেলথ ফেস্টে ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফ দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ দেয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, এ কার্যক্রমের বিশেষ দিক হলো, চিকিৎসা গ্রহণকারী শিক্ষার্থীদের পরবর্তীতেও একই চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে চেকআপের সুযোগ রাখা হয়েছে। ফলে একদিনের স্বাস্থ্য ক্যাম্পে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ডাকসুর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অর্থনৈতিক বা অন্য কোনো কারণে যেন কোনো শিক্ষার্থী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিনামূল্যে বিশেষায়িত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, শুধু চিকিৎসাসেবা দেয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হবে না; শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় ফলোআপের আওতায় আনার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে আরো কার্যকর ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা উদ্যোগ গ্রহণ করবে ডাকসু।

হেলথ ফেস্টে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ডাকসুর সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বর্তমান ডাকসুকে ‘যুগান্তকারী ডাকসু’ হিসেবে অভিহিত করেন।

এ সময় তিনি ডাকসুর বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানান। শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর জনমুখী ও শিক্ষার্থী-কেন্দ্রিক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান, ন্যাশনাল ডক্টরস ফোরামের আহ্বায়ক মারুফ শাহরিয়ার, ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ‘ডাকসু ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’-এর দ্বিতীয় দিনের কার্যক্রম বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন।