মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসাথে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দেয়া কারণ দর্শানোর (শোকজ) জবাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
তিনি জানান, খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। তারা মূল ঘটনা আড়াল করতে ইচ্ছে করে অপ্রয়োজনীয় তথ্য দিয়েছে। জবাবের সবকিছুই ভেক (ভুয়া)। আমরা এই জবাবে সন্তুষ্ট হতে পারিনি।’
ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে সরদার মো: সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিজেদের মধ্যে আলোচনা করে কী ধরনের আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’



