প্যারিসের ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের বৈশাখী ইলিশ ও ঈদ পুনর্মিলনী

সকালের মনোরম আবহাওয়ায় পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা অনুষ্ঠানে যোগ দেন। সবুজে ঘেরা উন্মুক্ত পরিবেশে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
অনুষ্ঠানে যোগদানকারীদের কয়েকজন
অনুষ্ঠানে যোগদানকারীদের কয়েকজন |নয়া দিগন্ত

ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসের অদূরে অবস্থিত বিখ্যাত লা কুরনভ পার্কে জমকালো বৈশাখী ইলিশ ও ঈদ পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়।

ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রবাসী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই রোববার (৩১ মে) এই মিলনমেলার আয়োজন করা হয়।

সকালের মনোরম আবহাওয়ায় পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা অনুষ্ঠানে যোগ দেন। সবুজে ঘেরা উন্মুক্ত পরিবেশে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। বাংলা নববর্ষের আবহ এবং ঈদের আনন্দকে একসাথে ধারণ করে প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপদেষ্টা মানিক মিয়া ও আব্দুর রহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদ আলম বেপারী, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সরকার, সাহিত্য সম্পাদক কবি খান বাহাদুর আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকা সাহেদ, সহ-সভাপতি জিয়াউর মাতুব্বর, নূর আলম মঞ্জু ও মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান হাওলাদার, প্রচার সম্পাদক রিয়াম সরকার এবং হিমেল মাহমুদ ঈমনসহ সংগঠনের অন্য নেতা ও সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংগঠনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বৈশাখী ইলিশ ভোজ। অতিথিরা ইলিশসহ বিভিন্ন বাঙালি খাবারের স্বাদ গ্রহণ করেন। পাশাপাশি ঈদ পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মেতে ওঠেন সবাই।

পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এতে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী আনন্দ-উৎসব, প্রীতি বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বৈশাখী ইলিশ ও ঈদ পুনর্মিলনী।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসীদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রবাসী বাংলাদেশীদের মতে, লা কুর্নভ পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজিত এই অনুষ্ঠান শুধু একটি উৎসব নয়, বরং প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও শেকড়ের সাথে সংযুক্ত থাকার এক অনন্য উদ্যোগ।