মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশী এক আলেমের কাছে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন দুই যুবক।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি ফয়জুল্লাহ আমান নামের ওই আলেম নিজেই। মুফতি আমান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানের ইমাম ও খতিব।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আজ বাদ যোহর (স্থানীয় সময়) ১৯ বছর বয়সী কাজাখ তরুণ ডেভিড আনসান মসজিদে স্বেচ্ছায় শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। তার ইসলামী নাম রাখা হয়েছে দাউদ।’
তিনি আরো জানান, ‘গতকালও একজন কোরিয়ান তরুণ ইসলাম গ্রহণ করেছেন, আর আজ একজন কাজাখ তরুণ। পরপর দুই দিনে দুইজন নতুন মুসলিম—এ এক অপার আনন্দের সংবাদ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মানুষকে হিদায়াত দান করেন।’
ইসলামে দীক্ষিত কোরিয়ান তরুণের নতুন নাম রাখা হয়েছে ‘সাদ’। তার পূর্বের নাম মিস্টার হুন। মুফতি ফয়জুল্লাহ আমান গতকাল পৃথক পোস্টে বলেন, ‘গত সপ্তাহে এই কোরিয়ান তরুণ প্রথম আনসান মসজিদে এসেছিলেন। তিনি ইসলাম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন এবং নানা বিষয় নিয়ে আন্তরিকভাবে আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আজ তিনি আবার মসজিদে এসে স্বেচ্ছায় শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন।’
বাংলাদেশী তরুণ এই আলেম নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মহান আল্লাহর অশেষ অনুগ্রহে প্রায় প্রতি সপ্তাহেই আনসান মসজিদে কেউ না কেউ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাআলা এই মসজিদকে হিদায়াতের এক বরকতময় কেন্দ্র হিসেবে কবুল করুন এবং এর মাধ্যমে আরো অসংখ্য মানুষকে সত্যের পথ দেখান। আমীন।’
মুফতি ফয়জুল্লাহ আমান সকলের কাছে নওমুসলিমদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।


