বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাকাডেমি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত জেলা চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম) সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা মাঠে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখে প্রথমে বুঝতেই পারিনি রেমিট্যান্স যোদ্ধারা মাঠে খেলছেন। মনে করিছিলাম বাংলাদেশ থেকে ১২টা জেলার বাচাই করা খেলোয়াড়রা এসে খেলছেন। খুব ভালো খেলা উপভোগ করেছি, যেমন বলিং তেমন ব্যাটিং, খুবই চমৎকার ম্যাচ হয়েছে।
খেলা দেখতে-দেখতে পরে জানতে পারলাম রেমিট্যান্স যোদ্ধারাই মাঠে খেলছেন। বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি মালয়েশিয়া তাদের খোঁজে খোঁজে বের করেছেন। আমি চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দলসহ টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোকে অভিনন্দন জানাই।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সেবায় নিয়োজিত। আপনাদের সেবা আরো কিভাবে উন্নত করা যায় আপনারা পরামর্শ দিবেন। যেকোনো প্রবাসী মালয়েশিয়ার যেখানেই সমস্যায় পড়ুক, আমাদের জানাবেন। আমাদের ফেসবুক পেইজে লিখে জানাতে পারেন, মেইল করতে পারেন, কল করতে পারেন। আমরা সমাধানের চেষ্টা করব।’
মালয়েশিয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার প্রবাসীদের ক্রিকেট দল ‘কুমিল্লা ভিক্টোরিয়ানস’। শুরু থেকে দুর্দান্ত খেলে রানার্সআপ হয়েছে ‘নরসিংদী লায়নস’। বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি-মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২টি জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- ঢাকা জেলা, চট্টগ্রাম জেলা, কুমিল্লা জেলা, নারায়ণগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, নরসিংদী জেলা, সিলেট জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, খুলনা জেলা, ফরিদপুর জেলা, চাঁদপুর জেলা ও শরিয়তপুর জেলা দল।
পুরো টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন প্রান পিনাকল মালয়েশিয়া সেনডিরিয়ান বারহাদ।
পুরষ্কার বিতরণীতে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর (কনস্যুলার) মো: ফিরোজ রাব্বানী, বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাকাডেমি মালয়েশিয়ার চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মো: সাইফুদ্দিন, অনিক, একলাস, সজীব, জাহিদ বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব- মালয়েশিয়ার সাবেক সভাপতি আমিনুল ইসলাম রতন, সাংবাদিক রফিক আহমদ খান, সাংবাদিক জহিরুল ইসলাম হিরন, আসাদুজ্জামান মাসুম, এম আরিফুল ইসলাম (হেড অফ কমার্শিয়াল এনালেটিক্স ডিভিশন), ডা: এম সাইফুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী) টুর্নামেন্ট কমিটির মো: সালাহ উদ্দিন প্রমুখ।



