তিতুমীর থেকে জুলাই: ডাকসুর প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন অতিথিরা।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন অতিথিরা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৭ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা নগদ পুরস্কার দেয়া হয়। এ ছাড়া ২৬ জন বিজয়ীকে সনদপত্র দেয়া হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুহাইল মাহদীন। স্বাগত বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, উপমহাদেশের ঔপনিবেশিকতাবিরোধী প্রতিরোধ আন্দোলনে সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের সংগ্রাম ও আত্মত্যাগ বাঙালির প্রতিরোধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। তার বাঁশেরকেল্লার প্রতিরোধ থেকে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিরস্ত্র মানুষের টিনকে ঢাল বানিয়ে প্রতিরোধ—দুটি ঘটনাই একই সূত্রে গাঁথা। এর অনুপ্রেরণার উৎস হলো জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ।

তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে এসব ইতিহাস তুলে ধরতে গবেষণাভিত্তিক লেখালেখি ও চর্চা আরও বাড়ানো প্রয়োজন। প্রতিযোগিতায় বাছাই করা গবেষণামূলক প্রবন্ধ নিয়ে শিগগিরই একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে তিনি প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।