জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজশিক্ষকদের তথ্য হালনাগাদের নির্দেশ

দেশের সব অধিভুক্ত কলেজে স্নাতক পর্যায়ে পাঠদানরত স্থায়ী, অস্থায়ী ও খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুত, প্রশিক্ষণ চাহিদা নিরূপণ এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শিক্ষকদের তথ্য হালনাগাদের উদ্যোগ নেয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের সব অধিভুক্ত কলেজে স্নাতক পর্যায়ে পাঠদানরত স্থায়ী, অস্থায়ী ও খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দফতর থেকে গত ২৪ জুন এ-সংক্রান্ত নির্দেশনাসহ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয়ভিত্তিক তথ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা এবং সংশ্লিষ্ট কলেজে কম্পিউটার ল্যাব রয়েছে কি না ও ল্যাবে কতটি কম্পিউটার রয়েছে—এসব তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

এছাড়া তথ্য প্রেরণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহকৃত এক্সেল ফাইলের নির্ধারিত ফরম্যাট ব্যবহার বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংগৃহীত তথ্যের ভিত্তিতে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে আরো যুগোপযোগী ও কার্যকর করার পাশাপাশি একটি সমন্বিত শিক্ষক তথ্যভান্ডার গড়ে তোলা হবে।