ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আমন্ত্রণে জুলাই সংগ্রহশালা পরিদর্শন করতে এসে লোডশেডিংয়ের কবলে পড়েছেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলসহ ডাকসুর নেতারা।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে স্থাপিত জুলাই সংগ্রহশালা পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আসেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান। সাক্ষাৎ ও নির্ধারিত বিষয়ে আলোচনা শেষে ডাকসুর উদ্যোগে স্থাপিত জুলাই সংগ্রহশালা পরিদর্শনের জন্য তাদের আমন্ত্রণ জানান ডাকসুর ভিপি।
প্রদর্শনী পরিদর্শনের একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় ডাকসু নেতারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের সংগ্রহশালার প্রদর্শনী ঘুরিয়ে দেখান।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মুসলিম উদ্দিন বলেন, দেশব্যাপী চলমান লোডশেডিংয়ের প্রভাবেই অতিথিদের প্রদর্শনী পরিদর্শনে বিঘ্ন ঘটে। এতে অতিথিদের সামনে কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে চলমান লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি সঙ্কট এখন জাতীয় পর্যায়ের সমস্যা। তাই দ্রুত ও কার্যকরভাবে এ সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানাবেন তারা।
মুসলিম উদ্দিন আরো বলেন, চলমান লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এর নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতেও। বিদ্যুৎ সঙ্কটের কারণে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার উদাহরণ তুলে ধরে তিনি এ সমস্যার দ্রুত ও যৌক্তিক সমাধান প্রত্যাশা করেন।



