অডিট রিপোর্টের ব্রডশিট জবাব ২৬ জুলাইয়ের মধ্যে জমার নির্দেশ মাদরাসা অধিদফতরের

‘শিক্ষা অডিট অধিদফতর থেকে প্রাপ্ত ২০২৪-২০২৫ অর্থবছরের অডিট ইন্সপেকশন রিপোর্ট (এআইআর)-এর আলোকে যেসব গুরুতর আর্থিক অনিয়ম চিহ্নিত হয়েছে, সেগুলোর ব্রডশিট জবাব (সফট কপিসহ) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মাদরাসা অধিদফতর
মাদরাসা অধিদফতর |সংগৃহীত

২০২৪-২০২৫ অর্থবছরের অডিট ইন্সপেকশন রিপোর্টের (এআইআর) ওপর গুরুতর ও সাধারণ আর্থিক অনিয়মের ব্রডশিট জবাব আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (২১ জুলাই) অধিদফতরের এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

আদেশে জানানো হয়, শিক্ষা অডিট অধিদফতর থেকে প্রাপ্ত ২০২৪-২০২৫ অর্থবছরের অডিট ইন্সপেকশন রিপোর্ট (এআইআর)-এর আলোকে যেসব গুরুতর আর্থিক অনিয়ম চিহ্নিত হয়েছে, সেগুলোর ব্রডশিট জবাব (সফট কপিসহ) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে।

অন্যদিকে সাধারণ আর্থিক অনিয়মের ব্রডশিট জবাব সরাসরি শিক্ষা অডিট অধিদফতরে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট সকল প্রকল্প পরিচালক ও প্রতিষ্ঠান প্রধানকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ব্রডশিট জবাব মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদফতর বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা মেমিস প্রকল্প, মাদরাসা শিক্ষকদের শিখন দক্ষতা বৃদ্ধি প্রকল্প, ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প, সিলেট ওসমানীনগরের দারুল উলুম ইসলাহল বানাত ফাজিল মাদরাসা প্রকল্প, নির্বাচিত মাদরাসাগুলোর উন্নয়ন প্রকল্প এবং গাজীপুরের বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিএমটিটিআই) অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। বাসস