ইনোভেশন ফেয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন গাকৃবি

ভিসি অধ্যাপক জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উদ্ভাবনে রাষ্ট্রীয় স্বীকৃতি

চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকরাও উপস্থিত ছিলেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
ভিসি অধ্যাপক জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উদ্ভাবনে রাষ্ট্রীয় স্বীকৃতি
ভিসি অধ্যাপক জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উদ্ভাবনে রাষ্ট্রীয় স্বীকৃতি |ছবি : নয়া দিগন্ত

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় অনন্য সাফল্যের স্বীকৃতি পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে গাকৃবি। ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমের এ সাফল্যকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। ‘Innovate to Market’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় প্রায় এক হাজারের বেশি উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপিত হয়।

গাকৃবি এ মেলায় বিশ্ববিদ্যালয়টির উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির অধিক প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি প্রদর্শন করে। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এসব উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা বিচারকদের পাশাপাশি দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের সাথে তুলনামূলক মূল্যায়নে গাকৃবির প্রযুক্তিগুলোকে অধিক সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচনা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকরাও উপস্থিত ছিলেন।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এটি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, গাকৃবির উদ্ভাবক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনগুলো দেশের কৃষির আধুনিকায়ন, খাদ্যনিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, গবেষণালব্ধ প্রযুক্তিকে শিল্প ও বাজারের সাথে যুক্ত করার মাধ্যমে দেশীয় উদ্ভাবনকে মানুষের জীবন ও অর্থনীতির কাজে লাগানোই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। গাকৃবির গবেষণা ও উদ্ভাবন এ লক্ষ্য বাস্তবায়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান উন্নয়নের ধারাবাহিকতার মধ্যেই ইনোভেশন ফেয়ারে এ রাষ্ট্রীয় স্বীকৃতি পেল বিশ্ববিদ্যালয়টি।