মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের প্রতিষ্ঠাতা, দেশের বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: ইউসুফ শরীফ আহমেদ খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ম্যুরালটি উদ্বোধন করা হয়। এ সময় বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রয়াত এই শিক্ষাবিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যাপক ড. ইউসুফ শরীফ আহমেদ খান ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য মেরিন বায়োলজিস্ট ও পরিবেশবিজ্ঞানী। ২০০২ সালের নভেম্বরে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের ভিত্তি সুদৃঢ় হয়। পরবর্তীতে ২০০৩ সালে তিনি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগ প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৪ সালের ৩১ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে। তবে শিক্ষা, গবেষণা এবং পরিবেশবিজ্ঞান চর্চায় তার অসামান্য অবদান আজও মাভাবিপ্রবি পরিবারের কাছে প্রেরণার উৎস হয়ে রয়েছে।
এ বিষয়ে ইএসআরএম বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ বলেন, প্রফেসর খান এখানে যোগদানের পর আইসিটি ও সিএসই বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে তিনি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগ চালু করেন।
তিনি আরো বলেন, প্রফেসর খান সারা দেশে একজন খ্যাতিমান পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইএসআরএম বিভাগের স্থপতি ও স্বপ্নদ্রষ্টা ছিলেন। তাই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তার স্মরণে এই ম্যুরাল স্থাপন করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।



