পাবিপ্রবি শিক্ষার্থী রুহুল আমিন নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রুহুল আমিন কিছুদিন ধরে মানসিকভাবে বিষন্নতা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত ১১ জুন সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ হয়নি এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেনি।

বি এম মিকাইল হোসাইন, পাবিপ্রবি

Location :

Pabna
নিখোঁজ রুহুল আমিন
নিখোঁজ রুহুল আমিন |নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মো: রুহুল আমিন মোস্তফা (২৪) গত ১১ জুন থেকে নিখোঁজ রয়েছেন।

তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন কিছুদিন ধরে মানসিকভাবে বিষন্নতা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত ১১ জুন সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ হয়নি এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেনি।

নিখোঁজ রুহুল আমিনের উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং গায়ের রং ফরসা। নিখোঁজের সময় তার পরনে সাদা গেঞ্জি ও লুঙ্গী পরিহিত অবস্থায় ছিল। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, তার শারীরিক ও মানসিক অবস্থার কারণে তিনি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।

রুহুল আমিনের বাবা ব্যবসায়ী মো: রহিম ইসলাম বলেন, ‘আমার ছেলে কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েছিল। ১১ জুন সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি, কিন্তু কোনো সন্ধান মেলেনি। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার ছেলের খোঁজ পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয় এবং নীলফামারীর কিশোরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে জানা গেছে।

এদিকে রুহুল আমিনের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার বিশ্ববিদ্যালয় সহপাঠী, শিক্ষক, আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করা হচ্ছে।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, রুহুল আমিনের অনার্স শেষ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল গত ১০ জুন। পরীক্ষা দেয়ার উদ্দেশ্য তিনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা হলে প্রবেশ করেন। তবে পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট পর হঠাৎ শারীরিক অসুস্থতা ও অস্বস্তি অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে বাড়িতে নিয়ে যান।

পরিবারের পক্ষ থেকে দেশের সকল নাগরিকের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি রুহুল আমিন মোস্তফার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ : ০১৯৬০-৫০৫৬০৫ অথবা ০১৬০২-০৯৬১৫৭