নজরুলের জীবদ্দশায় কবিকে যথাযথ সম্মান দেখানো হয়নি : জাককানইবি ভিসি

এ বছর ‎নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নজরুল পদক ২০২৬ পেয়েছেন নজরুল-গবেষক ও কবি আবদুল হাই শিকদার এবং নজরুলসঙ্গীত শিল্পী শবনম মুশতারী।

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
কবি আবদুল হাই শিকদারকে নজরুল পদক তুলে দেয়া হচ্ছে
কবি আবদুল হাই শিকদারকে নজরুল পদক তুলে দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, ‘কবির জীবদ্দশায় কবিকে যথাযথ সম্মান দেখানো হয়নি। যার যতটুকু সম্মান প্রাপ্য, তাকে ততোটুকু সম্মান দিতে হবে। আর প্রচারেই প্রসার। তবে কবি নজরুলের সৃষ্টিকর্মের তেমন প্রচার হয়নি।’

‎সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানের ‎উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘নজরুলের স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতে এই বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। বাংলাদেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হবে নজরুল বিশ্ববিদ্যালয়।’

এ বছর ‎নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নজরুল পদক ২০২৬ পেয়েছেন নজরুল-গবেষক ও কবি আবদুল হাই শিকদার এবং নজরুলসঙ্গীত শিল্পী শবনম মুশতারী। গবেষণায় অবদানের জন্য অনুষ্ঠানে আবদুল হাই শিকদারের হাতে পদক তুলে দেন ভিসি। অসুস্থতার কারণে শবনম মুশতারী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরে তার পদক পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়।

‎অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল জয়ন্তী উপলক্ষে প্রকাশিত গাহি সাম্যের গান প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ‎আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালায় চারটি অধিবেশনে মোট আটটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের পাশাপাশি ভারতের নজরুল-গবেষকেরাও অনলাইনে অংশ নেন।

‎সন্ধ্যায় নবনির্মিত টিএসসি ভবনের দ্বিতীয় তলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তীর কর্মসূচি।

‎এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দফতরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, কবির জন্মদিন ২৫ মে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির মধ্যে পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংক্ষিপ্ত পরিসরে এবারের নজরুল জয়ন্তী উদযাপন করে। তবে কবির প্রতি শ্রদ্ধা জানাতে ২৫ মে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় ময়মনসিংহ-৭ এমপি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন ও নজরুল-গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার উপস্থিত ছিলেন।