দেশের এমপিওভুক্ত মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি) পদের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী যেসব শিক্ষক এনটিআরসিএ-এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ কোডে যোগদান ও এমপিওভুক্ত হয়েছেন, তারা এখন থেকে ‘১০ কোড’ অনুযায়ী উচ্চতর বেতন স্কেল পাবেন।
মাদরাসা শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ১১ কোডধারী সংশ্লিষ্ট শিক্ষকদের মেমিস সফটওয়্যারের ‘পুনঃনিয়োগ’ অপশনে গিয়ে ১০ কোডের জন্য আবেদন করার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, গত ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক পরিপত্রে ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর পরিশিষ্ট-‘ঘ’ সংশোধন করে এই পদের নতুন যোগ্যতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়।
পরিপত্র অনুযায়ী, সহকারী শিক্ষক (কৃষি) পদের জন্য সংশোধিত শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান বা ডিভিএম বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রি অথবা ন্যূনতম তিন বছরের কৃষি ডিপ্লোমা/সমমান।
এছাড়া, উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরাও এই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অনূর্ধ্ব ৩৫ বছর বা সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য বলে পরিপত্রে বলা হয়।
পরিপত্রে আরো বলা হয়, কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা তিন বছরের ডিপ্লোমাধারীরা সরাসরি ১০ম গ্রেডে বেতন পাবেন।
অন্যদিকে, উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রিধারীরা প্রথমে ১১তম গ্রেডে যোগদান করবেন। পরবর্তী সময়ে বিএড ডিগ্রি অর্জন সাপেক্ষে ১০ম গ্রেডের স্কেল প্রাপ্য হবেন। বাসস



