চবিতে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, রাসায়নিক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়; বরং এটি ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্য একটি নৈতিক দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক
চবিতে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চবিতে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের আয়োজনে কেমিক্যাল উইপন্স কনভেনশনের (সিডব্লিউসি) অধীনে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের রসায়নবিদগণের ভবিষ্যত কর্মক্ষেত্র নির্বাচন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়ন বিভাগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ফ্যাকাল্টি ও সকল বর্ষের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব এবং মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদফতর, সশস্ত্র বাহিনী বিভাগ কমডোর মো: মনির উদ্দীন মল্লিক, (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন এর উপস্থিতিতে বক্তাগণ রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং দ্বৈত-ব্যবহারের (ডুয়েল ইউজ) ঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, রাসায়নিক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়; বরং এটি ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্য একটি নৈতিক দায়িত্ব। বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশনের আলোকে তরুণদের সচেতন করে গড়ে তুলতে বিএনএসিডব্লিউসি কর্তৃক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়।