জাবিতে নতুন ২ প্রো-ভিসি নিয়োগ

প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো: শামছুল আলম এবং প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড. মো: শামছুল আলম, (ডানে) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম
অধ্যাপক ড. মো: শামছুল আলম, (ডানে) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রো-ভিসি (শিক্ষা) ও প্রো-ভিসি (প্রশাসন) পদে দুই বিভাগের দুই অধ্যাপককে নিয়োগ দেয়া হয়েছে।

প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো: শামছুল আলম এবং প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দু’টিতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের এ নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তারা চার বছর মেয়াদে অথবা অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একইসাথে তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি, আইন ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভিসি কর্তৃক অর্পিত ক্ষমতাও প্রয়োগ করবেন তারা। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।