ডাকসু প্রকাশিত সাহিত্য স্মারক ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’র মোড়ক উন্মোচন

ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ডাকসু থেকে ২৭টি গ্রন্থ সম্পাদনা করে প্রকাশ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
প্রতিনিধি সম্মেলনে ডাকসু প্রকাশিত সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচন
প্রতিনিধি সম্মেলনে ডাকসু প্রকাশিত সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচন |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত অবাঙালি মাতৃভাষার স্মারকগ্রন্থ ‘বহুমাত্রিক’-২০২৫ এবং ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের লেখায় স্মারকগ্রন্থ ‘হাতেখড়ি’-২০২৫ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, ডাকসুর কোষাধ্যক্ষ ড. মোশাররফ হোসেন মুন্নাসহ হল সংসদ এবং ডাকসু নেতারা।

অনুষ্ঠানে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘ডাকসু যে সকলের জন্য কাজ করে এটি তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। চাকমা, মারমা, ম্রো ইত্যাদি যে সকল ভাষাগুলো চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে সেগুলোকে ডাকসুর মাধ্যমে সংরক্ষণের উদ্দেশ্যে অবাঙালি মাতৃভাষার স্মারকগ্রন্থ ‘বহুমাত্রিক’ প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের কর্মশালার মাধ্যমে লেখালেখি প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তাদের কাছ থেকে লেখা নিয়ে স্মারকগ্রন্থ ‘হাতেখড়ি’-২০২৫ প্রকাশিত হয়েছে। এটি শিক্ষার্থীদেরকে লেখক হয়ে ওঠার প্রেরণা দিতে ভূমিকা রাখবে। ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ডাকসু থেকে ২৭টি গ্রন্থ সম্পাদনা করে প্রকাশ করেছেন।’

Dac1

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আমরা শুরুতেই বলেছিলাম সাহিত্য-সংস্কৃতিতে আমরা সকলের অংশীদারিত্ব নিশ্চিত করব। সকলের অংশীদারিত্ব নিশ্চিত করার তাগিদে আমরা বাংলা ও ইংরেজি ভাষার সাহিত্যচর্চা যেমন করেছি, ঠিক তেমনি আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ যারা মূলধারার বাইরে রয়ে গিয়েছেন— যে ভাষাগুলো আমাদের দেশেরই অথচ চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে, সে ভাষায়ও সাহিত্য চর্চা জরুরি ছিল। আমি নিজে কথা বলে দেখেছি, এই জনগোষ্ঠীর অনেক শিক্ষার্থী নিজ মাতৃভাষার লিখিত রূপ জানেন না। এরকম গুরুত্বপূর্ণ চাকমা, ম্রো, সাওতাল ইত্যাদি ভাষার সাহিত্য অর্থাৎ ছোটগল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি নিয়ে আমরা এই অবাঙালি মাতৃভাষার স্মারকগ্রন্থ ‘বহুমাত্রিক’-২০২৫ প্রকাশ করেছি।’

Dac2

তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি লেখালেখি কর্মশালা করেছিলাম। দীর্ঘ একমাস তাদেরকে লেখালেখির ওপর গাইডলাইন দিয়েছি। সেই গাইডলাইন অনুযায়ী তারা নিজেদের লেখালেখিকে সমৃদ্ধ করতে আমাদের আহ্বানে লেখা দিয়েছেন। সেই লেখাগুলো বাছাই করে আমরা প্রকাশ করেছি ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা স্মারকগ্রন্থ ‘হাতেখড়ি’-২০২৫। যেহেতু নবীন লেখককে গড়ে তোলার লক্ষ্যে এই বইটি প্রকাশিত হচ্ছে— সেজন্য আমরা এই স্মারকগ্রন্থটির নাম হাতেখড়ি দিয়েছি। আমি আশা রাখব যে, এই নবীন লেখকরা পাঠকের বিপুল উৎসাহ পাবেন এবং একদিন একজন পরিপক্ব লেখকে পরিণত হবেন।’

গ্রন্থ দু’টিতে সহ সম্পাদক হিসেবে কাজ করেছেন আসিফ আব্দুল্লাহ, ফাতিমা তাসনিম জুমা, মাহিয়া বিনতে মামুন, রিয়াদুল ইসলাম যুবা, রিজওয়ান য্যুবরান মানসূরী, নুসরাত জাহান, সায়মুম ফেরদৌস, আসফাকউল্লাহ আসিফ এবং সুহাইল মাহদীন। ‘হাতেখড়ি’ স্মারকগ্রন্থ ব্যবস্থাপনা ও কর্মশালার সার্বিক দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম এবং নটনাট্যের সভাপতি নাট্য নির্দেশক হুসনে মোবারক।