আগামী এক বছরের মধ্যে দেশের সকল দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ অবৈতনিক করতে কাজ শুরু করেছে সরকার।
স্বল্পমেয়াদি অর্থাৎ এক বছরে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত হিসেবে সব দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা অবৈতনিক করা, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (আইসিটি), সহকারী শিক্ষক (হিন্দুধর্ম) এবং সহকারী শিক্ষক( গ্রন্থাগারিক) পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারি ডোমেইন ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ৩ মে জেলা প্রশাসক সম্মেলনে বরিশাল, ফরিদপুর ও বরগুনার জেলা প্রশাসক এসব প্রস্তাব দেন। দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করার প্রস্তাব এসেছে বরিশালের জেলা প্রশাসকের পক্ষ থেকে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা সচিবকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে। স্বল্প মেয়াদে (এক বছরে বাস্তবায়ন যোগ্য), মধ্য মেয়াদে (তিন বছরে বাস্তবায়নযোগ্য) ও দীর্ঘ মেয়াদে (পাঁচ বছরে বাস্তবায়নযোগ্য) মোট ১২টি সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা সচিবকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, প্রতিবছরই জেলা প্রশাসক সম্মেলনে বেশ কিছু প্রস্তাব আসে। গুরুত্ব বিবেচনায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। এবছরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। এ বছর জেলাপ্রশাসক সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্পর্কিত মোট ১২টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেগুলো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় ৮১ হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়মিত উপবৃত্তি পায়। প্রাথমিক স্তরে ৯০০ টাকা, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরে ৯৫০ টাকা, উচ্চতর স্তরে ১ হাজার ৩০০ টাকা করে দেওয়া হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ অনুযায়ী, ৫ থেকে ২৪ বছর বয়সী প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্তরভিত্তিক শিক্ষার হারপ্রাথমিক শিক্ষা: ৫৩%, মাধ্যমিক শিক্ষা: ৩৭.৪৭% ও উ”চশিক্ষা: ৯.৫১%।
আগামী ৩ বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য হিসেবে অর্থাৎ মধ্য মেয়াদে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর গঠন করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রস্তাবটি এসেছে জামালপুর ও ময়মনসিংহের জেলা প্রশাসকের পক্ষ থেকে।
এছাড়া নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম চালুর ক্ষেত্রে অ্যাগ্রোভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন নওগাঁর জেলা প্রশাসক। এছাড়া ‘ দ্যা পাবলিক এক্সামিনেশন (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০-এর ধারা ২)-এ পাবলিক এক্সামিনেশনের সংজ্ঞাসহ ৮ ও ৯ এ বর্ণিত শাস্তির পরিমার্জন করতে হবে। পিরোজপুরের জেলা প্রশাসক এটি পরিমার্জনের দাবি জানিয়েছেন।
দীর্ঘমেয়াদি অর্থাৎ ৫ বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত হিসেবে রাজবাড়ী জেলায় নতুন জাতীয়করণ করা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসমূহে বহুতলবিশিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে। এই প্রস্তাব দিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক।
ফরিদপুর জেলায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার প্রস্তাব দিয়েছেন ফরিদপুরের ডিসি। পিরোজপুরের ডিসি প্রস্তাব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব ক্যাম্পাস স্থাপনের।
এদিকে, জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়ার প্রস্তাব করেছেন নীলফামারীর ডিসি। বগুড়া জেলার ডিসি জেলায় একটি কৃষি কলেজ স্থাপনের কথা বলেছেন। হাতিয়া উপজেলাধীন নিঝুমদ্বীপে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে হবে বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন অধিশাখার উপ-সচিব মো: মামুন বলেন,‘ ডিসি সম্মেলনে যেসব উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে তা বই আকারে বের করার কাজ করছে বিজি প্রেস। আর সেসব বই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে। সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে তাদের করণীয় জানানো হয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নপূর্বক অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখায় পাঠাতে বলা হয়েছে।’
প্রতিবছরই মাঠপ্রশাসন ও কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাজের সমন্বয় করতে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন বা ডিসি সম্মেলন। এবছর গত ৩ থেকে ৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করেন এবং এতে মোট ৩৪টি অধিবেশনে ৪৯৭টি প্রস্তাব নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে ডিসিদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : বাসস



