কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হল মাঠ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি সাজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রুকু, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান রিদসহ অন্যান্য নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন, ‘হাবিপ্রবি ছাত্রদল সব সময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে। বিগত ১৭ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু শিক্ষকের জন্য আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু আজ সেই ক্যাম্পাসেই আমরা মিছিল করছি। আওয়ামী লীগের যেসকল নেতাকর্মী আশায় আছেন আপনাদের আপা ফিরবেন, তারা সাবধান হয়ে যান। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে হাবিপ্রবি ছাত্রদল কোনো ছাড় দেবে না।’
তিনি আরো বলেন, ‘হাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব সংগঠন। যার প্রমাণ—আমাদের দল ক্ষমতায় থাকলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে জোরজবরদস্তি বা হল দখলের মতো ঘটনা ঘটেনি। আমরা সব সময় সহাবস্থানে বিশ্বাসী। আমরা শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।’



