জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
এই অর্জনকে তিনি বাংলাদেশ ও সমগ্র অঞ্চলের জন্য এক গৌরবের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ‘এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনার সার্বিক সাফল্য কামনা করি।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, তার দিকনির্দেশনায় সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে যাবে।
তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আপনার দক্ষ নেতৃত্বে সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে যাবে।’
এই নির্বাচন শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং সমগ্র অঞ্চলের জন্য একটি বড় অর্জন বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজ্জু।
তিনি আরো বলেন, ‘এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ ও এই পুরো অঞ্চলের জন্য একটি গৌরবের মুহূর্ত।’
একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গোপন ব্যালটের মাধ্যমে কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশ পায় ৯৯টি ভোট ও সাইপ্রাস পায় ৯১টি ভোট।
এই নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বহুপক্ষীয় বিশ্বমঞ্চে দেশের ক্রমবর্ধমান ভূমিকা ও অংশগ্রহণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন এটি।
আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনের মধ্য দিয়ে ড. খলিলুর রহমান বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল এই বহুপক্ষীয় সংস্থার সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবেন।
সূত্র : বাসস



