কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে একটি স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টায় বিসিজি স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে, মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে থাকা ১টি ব্যাগে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও সৌদি আরবের ৩টি এটিএম কার্ড জব্দ করা হয়।
আটক চোরাচালানকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সাথে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জব্দ আলামত ও আটক চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



