নয়া দিগন্ত অনলাইন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৮ জন, গুলশান বিভাগে ১০৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযানকালে তিনটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, নয় রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, দুইটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি শার্প ব্লেড ও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশী মদ ও এক লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়। অভিযানে নগদ ২ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


