ডিবির পৃথক অভিযানে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার ৭

একইদিন সকাল ১১টায় ডিবির ওয়ারী বিভাগ রাজধানীর উত্তরা এলাকায় পৃথক অভিযানে একটি গাড়ি থেকে ৩০০ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করে। পরে ওই তথ্যের ভিত্তিতে একটি পিকআপ আটক করে আরো ৯০০ বোতল স্ক্যাপ সিরাপ জব্দ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তিনটি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৭৫০ বোতল ইস্ক্যাপ সিরাপ এবং ২ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জয়নাল (৪২), সামিউল হক (৪৩), নুর ইসলাম সুরুজ (৪৪), হাফিজুর রহমান ওরফে লালমিয়া (৪৫), সোহান চৌধুরী (৩০), রবিউল ইসলাম মুন্না (২৪) ও কাশেম (৩৫)।

সোমবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, আজ (সোমবার) সকালে দারুস সালাম থানার গাবতলী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় মিরপুর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জয়নাল আবেদিন নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গাড়ি থেকে বেলজিয়ামের তৈরি তিনটি বিদেশী বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ১০০ বোতল ইস্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়।

একই অভিযানে আরেকটি প্রাইভেটকারের যাত্রীরা পালিয়ে গেলেও গাড়ি থেকে ৪৫০ বোতল ইস্ক্যাপ সিরাপ জব্দ করা হয়। তদন্তে জানা যায়, দেশের চাপাইনবয়াবগঞ্জ সীমান্ত থেকে একাধিক গাড়িতে করে মাদকের চালান ঢাকায় আনা হতো। আর এই মাদকের চালানের সাথে অস্ত্রধারীরা মাদকবাহী গাড়িকে নিরাপত্তা দিয়ে রাজধানীতে প্রবেশ করাতো।

একইদিন সকাল ১১টায় ডিবির ওয়ারী বিভাগ রাজধানীর উত্তরা এলাকায় পৃথক অভিযানে একটি গাড়ি থেকে ৩০০ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করে। পরে ওই তথ্যের ভিত্তিতে একটি পিকআপ আটক করে আরো ৯০০ বোতল স্ক্যাপ সিরাপ জব্দ করা হয়।

এদিকে রোববার রাতে উত্তরা বিভাগের আরেকটি অভিযানে একটি গাড়ি ধাওয়া করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম।