রাজধানীর মোহাম্মদপুরে সাবেক সংসদ সদস্য খন্দকার মো: আজিজুল হক আরজুকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় আটক করা হয়েছে।
মঙ্গলবার মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হালিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানা-পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল হক আরজু (৬৯) পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সাথে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা, তেজগাঁও বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



