তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু

নিহত বৃদ্ধের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয় পথচারীরা জানান, তিনি ওই রেললাইন এলাকাতেই ভবঘুরের মতো থাকতেন। দুর্ঘটনার সময় তার পরনে ছিল একটি চেক লুঙ্গি ও ময়লাযুক্ত পাঞ্জাবি।

নিজস্ব প্রতিবেদক
রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু
রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু |সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে তেজগাঁও রেলগেট এলাকায় রেললাইনের পাশে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে ইসরাফিল পলাশসহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয় পথচারীরা জানান, তিনি ওই রেললাইন এলাকাতেই ভবঘুরের মতো থাকতেন। দুর্ঘটনার সময় তার পরনে ছিল একটি চেক লুঙ্গি ও ময়লাযুক্ত পাঞ্জাবি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ইতোমধ্যে রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

পরিদর্শক ফারুক আরো জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) মিলিয়ে তার পরিচয় বের করার চেষ্টা চলছে।