বিমানবন্দরে ‘কুশ’ রেখে ভারতীয় দুই নাগরিক পলাতক

পলাতক দুই নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গন্ডালপাড়া এলাকার বাসিন্দা আকাশ দুবে ও আকাশ পান্ডে।

নিজস্ব প্রতিবেদক
চার কেজি ১৮০ গ্রাম কুশ ও দু’টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছে ডিএনসি
চার কেজি ১৮০ গ্রাম কুশ ও দু’টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছে ডিএনসি |নয়া দিগন্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ১৮০ গ্রাম কুশ (অপ্রচলিত মাদক) ও দু’টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় জড়িত দুই ভারতীয় নাগরিক পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে এ ঘটনা ঘটে। পলাতক দুই নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গন্ডালপাড়া এলাকার বাসিন্দা আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়ার নেতৃত্বে দলটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে দায়িত্ব পালন করছিল।

এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে ও আকাশ পান্ডে দু’টি ট্রাভেল ট্রলি ও ভারতীয় পাসপোর্টের ফটোকপি রেখে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে ট্রাভেল ট্রলিগুলো তল্লাশি করা হয়। তল্লাশিতে মোট চার হাজার ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে চার হাজার ১৮০ গ্রাম কুশ এবং দু’টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি।

এ ঘটনায় পলাতক দুই আসামি আকাশ দুবে ও আকাশ পান্ডের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।