রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও যাত্রাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার রাতে দনিয়া কলেজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: আল আমিন ওরফে রমজান (৩০), মো: সাজিম প্রকাশ সানি (২১), মো: রিফাত দেওয়ান (২৪), মো: রাকিব (২২) ও বিপ্লব (২৬)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে শনির আখড়া এলাকার দনিয়া কলেজের পাশে কয়েকজন লোক দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। সংবাদ পেয়ে সিটিটিসি ও যাত্রাবাড়ী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাদের পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু, একটি ধারালো চাপাতি, একটি ধারালো সুইচ গিয়ার এবং চারটি লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস



