রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৮ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
এছাড়া শাহজাহানপুর থানায় ১৭ জন, খিলগাঁও থানায় ১৫ জন এবং রামপুরা থানা এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে পল্টন থানায় ছয়জন এবং মতিঝিল ও সবুজবাগ থানায় চারজন করে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


